মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ভোররাত তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা মারধর করলে তারা গুরুতর আহত হন।
নিহতরা হলেন, স্থানীয় গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর ফরহাদ মিয়ার পুত্র সাগর (৩০) ও মো. শহিদুলের পুত্র ছানারুল (৩০)।
স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনকে সন্দেহ করেন স্থানীয়রা।
এ ঘটনার পর অভিযুক্ত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাতে অভিযান চলছে বলে জানায় তারা।
পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, 'আমরা তদন্ত শুরু করেছি। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
