চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে।
সর্বশেষ মো. শাখাওয়াত হোসেন (৪৯) আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে মারা যান।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালীও গুরুতর জখম হয়েছিল।
এর আগে বিস্ফোরণে আহত আশুরা আক্তার পাখি, নুরজাহান আক্তার, তার ছেলে শাওন ও ভগ্নিপতি সুমনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও চারজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হালিশহরে বাসায় জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।
প্রথমে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়।
ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক কবির উদ্দিন আহমেদ জানান, তাদের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
