বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু, আহত ৭
বাগেরহাটে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের সাথে মারামারিতে মো. ইদ্রিস আলী শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইদ্রিস আলী বাগেরহাট সদর উপজেলার কালিপুর গ্রামের হাশেম আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কালিপুর গ্রামে ইদ্রিস আলীর পৈত্রিক জমি নিয়ে তার ভাই সিদ্দিকের ছেলেদের সাথে বিবাদ শুরু হয়। সিদ্দিকের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দীন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন ওই বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে ইদ্রিস আলী ও তার ছেলেরা বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ইদ্রিস আলীসহ তার চার ছেলে এমরান, মামুন, শামীম ও এনামুল গুরুতর আহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ইদ্রিস আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, 'জমিসংক্রান্ত বিরোধের মারামারির ঘটনায় মো. ইদ্রিস আলী গুরুত্বর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
