মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন
প্রধানমন্ত্রীর পাঁচজন মন্ত্রী পদমর্যাদার এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের কথা জানানো হয়।
মন্ত্রী পদমর্যাদার পাঁচ উপদেষ্টার মধ্যে তিনজনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ। এ ছাড়া মন্ত্রী পদমর্যাদার অন্য দুই উপদেষ্টার মধ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রী পদমর্যাদার ৫ উপদেষ্টাকেও বিভিন্ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্যদিকে, ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজি এবং মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
