অবৈধ সম্পদ অর্জন: শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ
জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য তার আয়-ব্যয় ও মালিকানাধীন অন্যান্য সম্পদ যাচাই করা প্রয়োজন।
এ কারণে আদালত শফিক সিদ্দিকের ২০১২-১৩ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর নথি, স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বর দুদক ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। অনুসন্ধানে তার নামে ১৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদে মোট সম্পদ ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা। তার বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া যায় ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
