পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
পুলিশের ইউনিফর্ম বা পোশাক পরিবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির অভিযোগ, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা যথাযথ মূল্যায়ন ছাড়াই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যদের মতামত, দেশের আবহাওয়া এবং পুলিশ সদস্যদের গায়ের রঙের বিষয়টি বিবেচনা না করেই নতুন ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, নতুন এই ইউনিফর্মের নকশা অন্য একটি বাহিনীর ইউনিফর্মের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এছাড়া জনসম্মুখে কোনো প্রকার প্রদর্শনী বা যাচাই-বাছাই ছাড়াই এটি নির্বাচন করা হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করতে বা চিনতে সমস্যা হচ্ছে— তৃণমূল পর্যায়ের কর্মকর্তারাই এমন অভিযোগ তুলেছেন।
বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেয়া এই পরিবর্তনের পক্ষে নন। বরং তারা বর্তমানে পরিহিত পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন।
বিবৃতিতে এই পরিবর্তনের আর্থিক প্রভাবের কথাও তুলে ধরা হয়েছে। একে একটি ব্যয়বহুল প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এটি দেশের অর্থনীতির প্রেক্ষাপটে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
নতুন ইউনিফর্ম তৈরিতে বিপুল অর্থ ব্যয় না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিকস্ সাপোর্ট বৃদ্ধি করাই অধিক যুক্তিযুক্ত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, পোশাকের রঙ বা নকশা নয় বরং পুলিশ সদস্যদের মন মানসিকতার পরিবর্তন, মনোবল এবং পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলে, পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি যেন পুনর্বিবেচনা করে তা আরও অধিক গবেষণা ও জনমত যাচাইকল্পে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
