আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ সরকারের সময়ে যাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনে দেওয়া হয়েছিল কি না এবং উপযুক্ত ব্যক্তিদের লাইসেন্স দেওয়া হয়েছে কি না—তা যাচাই-বাছাই করবে বর্তমান সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
আজ সকাল সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাই-বাছাই শেষে যাদের লাইসেন্স পাওয়ার যোগ্যতা রয়েছে এবং যাদের আইন অনুযায়ী লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো বহাল রাখা হবে।
তিনি বলেন, 'যাদের লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই বা আইন অনুযায়ী লাইসেন্স দেওয়া হয়নি, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা রাজনৈতিক বিবেচনায় কোনো অপরাধ করার জন্য যারা লাইসেন্স পেয়েছে, সেগুলো বাতিল করা হবে।'
লাইসেন্স বাতিল হলে সংশ্লিষ্ট লাইসেন্সের অধীনে থাকা অস্ত্র ও অ্যামুনেশন বাজেয়াপ্ত করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে আজই জেলা পর্যায়ে তদারকির জন্য সার্কুলার জারি করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 'কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক—কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না।'
তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।
