রোজা কবে জানতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং রোজা কবে থেকে শুরু হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশন এরই মধ্যে 'ঢাকা জেলার সাহরি ও ইফতারের সময়সূচি' সংক্রান্ত সম্ভাব্য একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে।
ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে রমজান মাস। ওইদিনই পহেলা রমজান অর্থাৎ প্রথম রোজা।
তবে, এই ক্যালেন্ডারে পহেলা রমজানকে স্টার চিহ্নিত করে এটিও উল্লেখ করা হয়েছে, পহেলা রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ বিবিসি বাংলাকে গতকাল বলেন, 'আমাদের এখানে জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, এই কমিটির সভা আগামীকাল সন্ধ্যায় বসবে। যদি আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকেই তারাবি শুরু হবে ও কাল ভোররাতে সেহেরি খাবে।'
তবে সম্পূর্ণ বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভর করে বলে জানান তিনি।
এরই মধ্যে রোজা উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার এবং সুপ্রিমকোর্টসহ বিচারিক আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
