প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন আশরাফ রেজা ফরিদী, এপিএস মামুন শিবলী
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
একই দিন পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামুন শিবলীর নিয়োগের মেয়াদের ক্ষেত্রেও একই শর্তের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন।
