বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ ঢাকায় সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি ব্যক্তিগত অভিনন্দন পত্র তুলে দেন এবং ভারত সফরের আমন্ত্রণ জানান।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি বলেন, 'নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরবর্তী এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।'
রিয়াজ হামিদুল্লাহ আরও লেখেন, 'মাননীয় স্পিকার ভারতের পক্ষ থেকে শুভকামনা জানিয়েছেন এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতাই বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।'
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারের প্রতিনিধি হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন ওম বিড়লা। তার সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পূর্বনির্ধারিত কিছু কর্মসূচির কারণে মোদি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
