দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে তিনি কখনও আপোস করেননি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, 'আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি গ্র্যাটিচিউড (কৃতজ্ঞতা) নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা (কর্মকর্তারা) কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন।'
কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, '২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে যে পরিবর্তন এনে দিয়েছে, সেই পরিবর্তনটা আপনাদের আচরণে আসতে হবে। কেউ অন্যায্য কাজ করাতে চাইলে আপনাদেরকে বলতে হবে যে এটা সম্ভব না। অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে এইভাবে কাজটা হওয়া উচিত।'
আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন নেতৃত্ব আসার দিনটি বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য 'উদযাপনের' হবে উল্লেখ করে তিনি বলেন, 'তাকে (মন্ত্রী) যে নেতৃত্ব দেখাতে হবে সেই কাজে তাকে দয়া করে সহায়তা করবেন। তার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাইলে দয়া করে করুন, কিন্তু তাকে বলুন।'
নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শেখ বশিরউদ্দীন বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি, কখনও করবও না। বাংলাদেশের জন্য কাজ করেছি— আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। এ কাজে মন্ত্রণালয়ের সকল উইং ও দপ্তর সংস্থা কালেক্টিভলি (সম্মিলিতভাবে) কাজ করতে পেরেছে, এই সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পারছি।'
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
