২ ঘণ্টায় ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৩-১০%
ভোট গ্রহণ শুরুর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালবেলায় কোথাও কোথাও ভোটারের উপস্থিতি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় কমে আসে। প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৩.৩৯ শতাংশ থেকে সর্বোচ্চ ১০.৪২ শতাংশ।
আমাদের প্রতিবেদকদের পাঠানো তথ্য অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টা পর সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা–৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ৩,৩৩৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৮ জন। অর্থাৎ মোট ভোটারের ১০.৪২ শতাংশ ভোট পড়েছে।
ঢাকা–১৬ আসনের কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার লিমন রায় টিবিএসকে জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২,৪৮৩ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ৫.৩৫ শতাংশ ভোটার।
ঢাকা–১৩ আসনের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রের মোট ভোটার ২,৩৫৩ জন। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাদল মিত্রা জানান, সাড়ে ৯টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ৮০টি। যা মোট ভোটারের ৩.৩৯ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্র রয়েছে। কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি থাকলেও দীর্ঘ সারি দেখা যায়নি। এর একটি কেন্দ্রে মহিলা ভোটার রয়েছে ২৫৬৫ জন। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হেলালউদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কেন্দ্রটিতে ২৫৬৫ জন ভোটার রয়েছে, যাদের সবাই নারী। প্রথম দুই ঘণ্টায় ১৭২ জন ভোট পড়েছে। অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় ৭ শতাংশ ভোট পড়েছে।'
একই কলেজের আরেকটি কেন্দ্রে ভোট পড়েছে ১২.৬২ শতাংশ। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার ইমতিয়াজ আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কেন্দ্রটিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ভোটার। এখানে ১৪২৬ জন ভোটার রয়েছে। প্রথম দুই ঘণ্টায় ১৮০ জন ভোট দিয়েছে।'
ঢাকা–১৫ আসনের গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ২৮৩৪ জন। সাড়ে ৯টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৭০ জন। যা মোট ভোটারের ৬ শতাংশ।
এ ছাড়া, ঢাকা–৮ আসনের রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ৯ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।
