নির্বাচনী দায়িত্বে আজ থেকে মাঠে নামছেন ৬৫৭ জন বিচারিক হাকিম
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছেন ৬৫৭ জন বিচারিক হাকিম।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, তাদের নিয়োগপ্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
কর্মকর্তারা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের ক্ষমতাবলে আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিজ্ঞ বিচারককে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন—অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির হাকিম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারিক হাকিমরা দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করলে যথাসম্ভব দ্রুততার সঙ্গে সংক্ষিপ্ত পদ্ধতিতে (সামারি ট্রায়াল) বিচার নিষ্পত্তি করবেন। এ–সংক্রান্ত প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন–১ শাখা) বরাবর পরবর্তীতে সংযুক্ত ছকে নির্দেশিত পদ্ধতিতে প্রেরণ করতে হবে।
