ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের মাধ্যমে ভোট চুরির সুযোগ করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি এ সিদ্ধান্তকে হঠকারী হিসেবে অভিহিত করেছেন।
আজ সোমবার তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, 'ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অনুমোদিত নয়। এটি স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই এমন সিদ্ধান্ত নেওয়া যায়।'
তিনি আরও বলেন, 'ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। এমনটা আগে কখনো দেখিনি। এর ফলে কোনো বিপদ ঘটলেও তাৎক্ষণিকভাবে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার কারণে মোবাইল ছাড়া ভোট দিতে পারবেন না।'
হাসনাত অভিযোগ করেন, 'সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে আসবে না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা অনিয়ম ও জালিয়াতির চিত্র দেখাতে সক্ষম হবেন, যা ক্যামেরা দেখাতে পারবে না। কেন্দ্র দখল বা ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারার কারণে নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এটি স্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দিচ্ছে।'
শেষে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
