১ ব্যক্তির প্রতিষ্ঠানে ১০ হাজার পর্যবেক্ষক, আলোচিত ‘পাশা’র পর্যবেক্ষণ কার্ড স্থগিত: প্রেস সচিব
আসন্ন নির্বাচনে আলোচিত পর্যবেক্ষণ প্রতিষ্ঠান 'পাশা'র পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে শফিকুল আলম বলেন, আগামী নির্বাচনে প্রায় ৬০ হাজার বাংলাদেশি এবং ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়া শতাধিক বিদেশি সাংবাদিকও ভোট পর্যবেক্ষণে থাকবেন।
স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান 'পাশা'র ১০ হাজার পর্যবেক্ষকের আবেদনের বিষয়টি নিয়ে প্রেস সেক্রেটারি জানান, প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ কার্ড বিতরণ বর্তমানে স্থগিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচন কমিশন তাদের নিজস্ব নিয়মের মধ্যে থেকে বিষয়টি হ্যান্ডেল করছেন।
উল্লেখ্য, এক ব্যক্তি নির্ভর পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (পাশা) নামে একটি প্রতিষ্ঠান একাই ১০ হাজার ২৩৫ জন পর্যবেক্ষকের অনুমোদন পেয়েছে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। একটি প্রতিষ্ঠানের এত বিপুল সংখ্যক পর্যবেক্ষক দেওয়ার সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
