তরুণদের নিয়ে পলিসি করতে হলে তাদের মনের কথা ও মতামত শুনতে হবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'তরুণদের নিয়ে পলিসি করতে হলে তাদের মনের কথা ও মতামত জানতে হবে।'
তিনি বলেন, 'তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ব। তরুণদের নিয়ে পলিসি করব। কিন্তু তরুণদের মনের কথা শুনব না এটা তো হবে না। আমাদেরকে তরুণদের মনের কথা জানতে হবে, তাদের চাওয়া পাওয়া শুনতে হবে। তারা কি ভাবছে, তাদের চাহিদা কি, আমরা কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারব, এগুলো জানা দরকার।'
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় একদল তরুণের উদ্যোগে 'আমরা ১১ ইয়ুথ টক' শিরোনামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমীর খসরু বিভিন্ন বিষয়ে তরুণদের সরাসরি মতামত ও পরামর্শ জানতে চান।
গণতন্ত্র ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে, সবার কথা শুনতে হবে, বুঝতে হবে। আমরা অন্য ফরমেটেও তরুণদের কথা শুনব, নাগরিকদের মনের কথা শুনব। নাগরিকদের মনের কথা না শুনলে দেশ চালাবেন কি করে? তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র, গণতন্ত্রের একটা অংশ। অর্থনীতি খেলাধুলা সংস্কৃতি সবগুলোকে গণতন্ত্রায়ন করতে হবে।'
দলের ভূমিকা উল্লেখ করে তিনি আরো বলেন, 'দেশ যখনই সংকটে পড়েছে, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনপি সব সময় সংকট উত্তরণে কাজ করেছে, জনগণের পাশে থেকেছে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডা. ফারহানাজ মাবুদ সিলভীসহ বিভিন্ন পেশাজীবী তরুণরা।
এর আগে আমীর খসরু ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের বেগম জান স্কুল মাঠে একটি ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি নিউমুরিং, পোর্ট কলোনি ও ইস্ট কলোনি এলাকায় গণসংযোগ করেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এমএ আজিজ, সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা শেখ নুরুল্লাহ বাহার, মো. সেলিম, কামাল উদ্দিন, হাসান মুরাদ, হাজী হোসেন, শাহাবুদ্দিন সাবু, মো. আজম প্রমুখ।
