এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি প্রদান এবং নিজের ও পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি এই জিডি করেন। থানার ডিউটি অফিসার মো. রাসেল ইসলাম জিডিটি গ্রহণ করেন।
জিডিতে উল্লেখ করা হয়, আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে জয়নাল আবেদীন তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল পান। পরে ওই নম্বর থেকে তাকে অশালীন ভাষায় গালাগালি করা হয় এবং ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে তার ও তার পরিবারের ক্ষতি করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের হুমকির কারণে জয়নাল আবেদীন শিশির ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জয়নুল আবেদীন শিশির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, 'আজ আমাকে একটি নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। শহীদ শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কী আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কী?'
তিনি আরো বলেন, 'ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামব না।'
