স্ত্রী–সন্তানসহ সাবেক পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ আদালতের বিচারকদের সঙ্গে যোগসাজশে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করিয়ে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই অর্থ বিদেশে পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
