শেরপুরে জামায়াত নেতা নিহতের মামলা: হাইকোর্টে জামিনের আবেদন প্রধান আসামি বিএনপি প্রার্থী মাহমুদুলের
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হক হাইকোর্টে জামিন আবেদন করেছেন। তিনি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী।
রোববার (১ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আতাবুল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। জামিন আবেদনের নথি থেকে জানা যায়, আদালতে তার পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যকার সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় করা মামলায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
এই সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনার প্রেক্ষিতে ৩০ জানুয়ারি দিবাগত রাতে নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন।
