যুক্তরাষ্ট্র থেকে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি.ডব্লিউএফ আর্টেমিস (MV.WF ARTEMIS)- নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর 'জি টু জি-০২'- এর অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি.ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি.ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসেছে। জি টু জি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
