১৫ বছর শুধু বগুড়া নয়, সারাদেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবার বগুড়াবাসীকে দেশের নেতৃত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১২টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে একই দিনে নওগাঁয় জনসভা শেষে তারেক রহমান মধ্যরাতে বগুড়ায় পৌঁছান। নওগাঁ থেকে বগুড়ার পথে বিভিন্ন স্থানে লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানান। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভার মাঠ ও আশপাশের এলাকা।
বগুড়ার জনসভায় বগুড়াবাসীর দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, বগুড়ার ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তবে যেন অন্যের ন্যায্য অধিকার হরণ না হয়।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ায় হওয়া উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সরকারের আইন-কানুন ও বিধির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে, ততটুকুই করা হয়েছে। তার কাছে বগুড়া ছিল একটি মডেল জেলার মতো।
তিনি বলেন, "শুধু বগুড়াকে নিয়ে ভাবলে হবে না, পুরো বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। সারাদেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।"
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে এবং এই সময়কালে শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল।
২০০১ থেকে ২০০৬ সালের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, তখন বগুড়ার মানুষ যেভাবে তাকে পেয়েছিল, এবার পরিস্থিতি ভিন্ন। এবার বগুড়াবাসীকেই দেশের নেতৃত্ব দিতে হবে। শুধু নিজেদের কথা ভাবলে চলবে না।
বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তারেক রহমান বলেন, "আজ এই মুহূর্তে আপনাদের কিছু দেবার নেই আমার, আজ আপনাদের কাছে শুধু চাইবার আছে আমার। ঘরের মানুষ, এই যে আমি এত রাতে মিটিং করছি, এই যে রাজনীতি করছি; আমার স্ত্রী যদি সহযোগিতা না করতেন, আমি কিন্তু পারতাম না, পারতাম? উনি (জুবাইদা রহমান) আছেন বলেই আমি পেরেছি।"
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, "এই আসন ছিল আমার মায়ের। সেই আসনেই আমি নির্বাচন করছি। বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে সুষম উন্নয়ন হবে।"
উত্তরবঙ্গ সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। প্রচার গাড়ি থেকে জনসভার মঞ্চ—সব জায়গায় দুজনকে পাশাপাশি দেখা গেছে।
স্ত্রীর সহযোগিতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, "ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি-সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ, আগামী দিনে বাংলাদেশকে আমরা একটি ভালো, শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব।"
বক্তব্যের শেষে তিনি বগুড়ার বাকি ছয়টি আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে বগুড়া সদর আসনে নিজের জন্য ভোট প্রার্থনা করেন।
এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য দেন।
