জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় 'মহিলা সমাবেশ' স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'অনিবার্য কারণে এ সমাবেশ স্থগিত করা হয়েছে।'
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই সমাবেশের ঘোষণা দেন।
সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, 'আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ ঘোষণায় কর্মসূচিটি স্থগিত করা হয়।'
সমাবেশ স্থগিতের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
