এসএমই মেলায় ৩১ কোটি টাকার বাণিজ্য, ৬০ শতাংশই নারী উদ্যোক্তা
রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত আট দিনব্যাপী দ্বাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলায় ৩১ কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। এর মধ্যে মেলা প্রাঙ্গণে পণ্য বিক্রি হয়েছে প্রায় ১৫ কোটি টাকার এবং উদ্যোক্তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রেতাদের কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকার অর্ডার পেয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) মেলা শেষে আয়োজক সংস্থা এসএমই ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে।
'এসএমই শক্তি, দেশের অগ্রগতি' স্লোগান নিয়ে শুরু হওয়া এবারের মেলায় ৩৫০টিরও বেশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (সিএমএসএমই) অংশ নেয়। এর মধ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মোট অংশগ্রহণকারীর প্রায় ৬০ শতাংশই ছিলেন নারী উদ্যোক্তা, যা এই খাতের অগ্রগতির একটি বড় নির্দেশক।
মেলায় শতভাগ দেশীয় পণ্যের সমাহার ছিল। প্রদর্শিত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল তৈরি পোশাক, হস্ত ও কারুশিল্প, পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, রংপুরের শতরঞ্জি, বাঁশ-বেত ও কাঠের সামগ্রী। এছাড়াও জুয়েলারি, প্রসাধন, হারবাল পণ্য, প্লাস্টিক সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য এবং আইটি সেবা প্রদর্শন ও বিক্রি করা হয়।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের মেলার মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের বাজারে প্রবেশে সহায়তা করা, ব্যবসার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনে উৎসাহিত করা। এবারের মেলায় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল পরিমাণ বিক্রি ও অর্ডার প্রাপ্তি সেই লক্ষ্যেরই প্রতিফলন।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলাটি ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল।
