৩ দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া: ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, চিকিৎসার দায়িত্ব হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসাকর্মীদের, আর সুস্থ করার মালিক আল্লাহ।
তিনি বলেন, 'খালেদা জিয়ার জন্য পৃথিবীর সর্বোত্তম চিকিৎসা প্রয়োজন, এবং এখানে সেই ব্যবস্থাই করা হয়েছে।'
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'গত তিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি- শি ইজ মেনটেনিং দি ট্রিটমেন্ট। অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে- সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। এ চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন।'
তিনি জানান, বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও তাদের সুপারিশের ওপর।
