গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেইট এলাকায় টায়ার জালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় এ অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নব গঠিত গাজীপুর-৬ আসনটি বহালের দাবিতে সকাল থেকেই বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন। তারা সম্প্রতি আদালতের রায়ে গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে।
অবরোধকারীরা 'গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে'- এই স্লোগান দিতে থাকেন। এসময় মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে মাহসড়কে চলাচল যানবাহনের যাত্রীরা পড়েছেন দূর্ভোগে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এই আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এই সিদ্ধান্ত মানি না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে বাগেরহাটের ৪ আসন থেকে একটি কমিয়ে গাজীপুর-৬ নতুন একটি আসন বৃদ্ধি করে নির্বাচন কমিশন। কিন্তু গত ১০ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে বাগেরহাটে পূর্বের ৪টি ও গাজীপুর ৫টি আসন বহাল রাখার আদেশ দেন।
রায়ের কারণে গাজীপুর মহানগরীর টঙ্গীসহ অবিভক্ত গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও হতাশা দেখা দিয়েছে। নেতারা উচ্চ আদালতের আদেশ বাতিল ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানান। তারই অংশ হিসাবে টঙ্গীতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী শুরু হয়েছে।
হাইকোর্টের রায়ে গভীর হতাশা প্রকাশ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নেতা, প্রবীণ রাজনীতিক ও সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর-৬ আসনটি নাগরিক ও ভোটারদের জন্য নতুন সম্ভাবনার সূচনা করতে পারত। কিন্তু আজকের রায়ে সেই সম্ভাবনা ব্যর্থ হলো।
তার চাচাতো ভাই, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহউদ্দিন সরকার বলেন, 'আমরা আপিল করব এবং গাজীপুর-৬ আসন পুনর্বহাল করব। সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করছি। জয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ।'
জামায়াতে ইসলামী গাজীপুর-৬ আসনের মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুর-৬ আসনটি গাজীপুরবাসীর আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। আমি আশা করি নির্বাচন কমিশন আপিলসহ আইনি পদক্ষেপ নেবে। আমরা সবাই মিলেই গাজীপুর-৬ আসনের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
