ঋণ পরিশোধ করতে প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৫০০ কোটি টাকা তুলবে অ্যাপেক্স ফুটওয়্যার, ৩০% লভ্যাংশ ঘোষণা
বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন ও ঋণের বোঝা কমানোর লক্ষ্যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছেয়ে ৫০০ কোটি টাকা পর্যন্ত তোলার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার।
মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুসারে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
প্রেফারেন্স শেয়ার ছাড়ার বিষয়টি কোম্পানিটির শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের ওপর নির্ভর করছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ১৫ শতাংশ হবে নগদ (১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা) ও ১৫ শতাংশ হবে স্টক (বিদ্যমান প্রতি ১০০ শেয়ারের বিপরীতে ১৫টি বোনাস শেয়ার)।
আলোচ্য বছরে কোম্পানিটি মুনাফায় প্রবৃদ্ধির কথা জানিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭.৯১ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৬.৯০ টাকা।
২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়িত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে ৩৫৫.২৫ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩৪৯.৩৫ টাকা।
তবে নগদ প্রবাহ বড় ধাক্কা খেয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ৯০.৯৭ টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের ধনাত্মক ৪৫.১৯ টাকা ছিল।
সুপারিশকৃত লভ্যাংশ, শেয়ার ইস্যু ও কোম্পানির চার্টারে সংশোধনীর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে অ্যাপেক্স ফুটওয়্যার আগামী ২৯ নভেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ধার্য করেছে।
লভ্যাংশ পাওয়া ও এজিএমে অংশগ্রহণের জন্য যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।
