দুই বছর পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক
প্রায় দুই বছর পর বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ প্রদানের হার নির্ধারণকারী নীতিগত সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। উচ্চ মুল্যস্ফীতির মধ্যেও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে নীতি সুদহার পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী শনিবার (২ আগস্ট) থেকে এই নীতি সুদহার কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে রেপো রেট ৯.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে একই হারেই নীতি সুদহার বহাল ছিল।
গত ৩০ জুন সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রেখেছিল। তখন ১০ শতাংশ পলিসি রেট অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তবে এক মাসের মাথায় কেন্দ্রীয় ব্যাংক সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পলিসি রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মনিটরি পলিসি কমিটি (এমপিসি) সভা হয়। সভায় মুদ্রানীতি কমিটির সদস্যদের পরামর্শক্রমে পলিসি রেট ৫০ শতাংশ বেসিস পয়েন্ট কমিয়ে আনা হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক চলকসমূহের গতিপ্রকৃতি পর্যালোচনান্তে মুদ্রানীতির মূল হাতিয়ার হিসেবে বিবেচিত নীতি সুদহার (রেপো রেট) বিদ্যমান ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশ করা হয়েছে।
একইসঙ্গে সুদহার করিডোরের উর্ধ্বসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট বিদ্যমান ১১.৫০ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়।
তবে, সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট বিদ্যমান ৭.৫০ শতাংশে অপরিবর্তীত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
