হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম ২০২৪ (১৪৪৫ হিজরি) উদ্বোধন করেছেন। পরে তিনি আশকোনায় হজ ক্যাম্পে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার (৯ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
হজ ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও পরিচালিত হয়ে জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন হজে যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সহ আরো কয়েকজন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
