প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আইজিপির ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী হলেন সুরঞ্জিতের স্ত্রী
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আসনটির বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তা। গতকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দেয়ার আগে মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন। প্রধানমন্ত্রী তাকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন বলে জানান জয়া।
জয়া সেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত গুপ্তের স্ত্রী। সুরঞ্জিত এই আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হন। ফলে এটি 'সুরঞ্জিতের আসন' বলে রাজনীতিক মহলে পরিচিত। সুরঞ্জিতের মৃত্যুর পর টানা দুইবার এখানকার এমপি হন জয়া।
এবার জয়ার পরিবর্তে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরী। তিনি পুলিশ মহা-পরিদর্শকের (আইজিপি) ছোট ভাই। আল আমিন, জয়া ছাড়াও এ আসনে আরও ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রধনমন্ত্রীর অনুমতি নিয়েই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জানিয়ে জয়া সেনপগুপ্তা বলেন, "মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই বললেন, 'আপনাদের সঙ্গে আমার ছবি থাকলেই তো সবাই বুঝবে, আপনারা আওয়ামী লীগের বাইরের কেউ নন, আপনারা কেউ জাতির পিতার বাইরে না।' পরে উনার লোক দিয়েই তিনি এই ছবি তুলেন। প্রধানমন্ত্রী বলেছেন, 'প্রতিযোগিতামূলক নির্বাচন হতে হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, আপনারা ভোটে থাকুন।"
মনোনয়নপত্র জমা দেয়ার পর ভোটারদের উদ্দেশে জয়া সেনগুপ্তা বলেন, "আপনারা এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমি পালিয়ে যাওয়ার মানুষ না। আমার কোন ডরভয় নাই। যদি ভয় পেতাম তাহলে এখানে আসতাম না।"
তিনি আরও বলেন, "অনেকে বলছেন, জয়া সেন নৌকার বাইরে কীভাবে যায়। আমি কিন্তু নৌকার বাইরে না। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ কর। আন্তর্জাতিকভাবে নৌকাকে আরও পুরস্কৃত কর, আরও প্রশংসিত কর। তাই প্রার্থী হয়েছি।"
জয়া সেনের স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী আল আমিন চৌধুরী বলেন, "আমার মনে হয় না শেষ পর্যন্ত তিনি নৌকার বিরুদ্ধে যাবেন। তবে তিনি প্রার্থী হলেও কোন সমস্যা হবে না। কারণ এই এলাকার ভোটার নৌকার ভোটার। কোন ব্যক্তির ভোটার নন।"
