বিকেল ৫টার পর বাংলাদেশে আঘাত হানতে পারে সিত্রাং: আবহাওয়াবিদ মোস্তফা কামাল
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঘূর্নিঝড় সিত্রাং আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার পর বাংলাদেশের দক্ষিণ অংশে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী কিছু অংশ দুপুর ৩টার পর থেকেই খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। বিকেল ৫টার পর সিত্রাং বরিশাল বিভাগের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় আঘাত হানতে শুরু করবে এমন আশঙ্কাই সবচেয়ে বেশি।
এই আবহাওয়াবিদ উল্লেখ করেছেন যে, উপকূলীয় এলাকায় (বিশেষত খুলনা ও বরিশালে) আজ বেলা ১২টার পর থেকেই সিত্রাংয়ের প্রভাবে উচ্চ গতির বাতাস অনুভব করছে। সর্বোচ্চ গতিবেগের বাতাস আজ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত অনুভব করার আশঙ্কা সবচেয়ে বেশি।
গত ১৮ অক্টোবর আন্দামান সাগরে লঘু চাপ সৃষ্টি হয়েছিল, যা উত্তর-পশ্চিম দিকে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়ে ২১ অক্টোবর নিম্নচাপে ও ২৩ অক্টোবর দিনের শুরুতে গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হয় ওইদিন সন্ধ্যা ৭টার পর।
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের উপরে। বেলা ১২টা নাগাদ খুলনা বিভাগের উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান ছিল এটির।
পলাশ সতর্ক করে বলেছেন, বিকেল ৫টার পর চট্টগ্রাম ও কক্সবাজারে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তিনি আর উল্লেখ করেন যে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের তথ্য অনুসারে আজ সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৩টা পর্যন্ত চট্টগ্রাম ও নোয়াখালী জেলার উপকূলীয় এলাকার উপর দিয়ে ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত আশঙ্কা রয়েছে।
