‘কর্ম’র সহযোগিতায় এক্সিলেন্স বাংলাদেশের অনলাইন জব হান্ট
করোনা পরিস্থিতিতে যেখানে মানুষ চাকরি নিয়ে চিন্তিত, চাকরির বাজারে যেভাবে মন্দা দেখা যাচ্ছে- ঠিক এই সময়েই চাকরি খোঁজার জনপ্রিয় মাধ্যম কর্ম (Kormo) আর তারুণ্যের প্লাটফর্ম এক্সিলেন্স বাংলাদেশ যৌথভাবে এনেছে ব্যতিক্রমী এক চিন্তা। অনলাইনে চাকরি খোঁজার এক ইভেন্ট আয়োজন করেছে তারা। কর্ম -এর সহযোগিতায় এ ইভেন্টের নাম 'অনলাইন জব হান্ট' আয়োজন করেছে এক্সিলেন্স বাংলাদেশ।
আয়োজকরা জানিয়েছেন, পুরো আয়োজনটি অনলাইনেই সম্পন্ন হবে। আয়োজক প্রতিষ্ঠান এক্সিলেন্স বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা রিয়াজ হোসাইন বলেন, আগামী ৩ মে দিনব্যাপী চলবে এই জব হান্ট আয়োজন। দিনের শুরুতে বেলা ১১টায় ক্যারিয়ার গাইডলাইন সেশনে কর্মের অ্যাপে কি কি চাকরি পাবেন সে বিষয়ে জানানো হবে।
এরপর তিনটায় যুক্ত হবেন ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেল। বিকেল চারটায় যুক্ত হবেন প্রিয়শপ.কমের সিইও আশিকুল ইসলাম খান- যেখানে তাদের কি ধরনের কর্মচারী প্রয়োজন করোনা পরবর্তী সময়ে সে বিষয়ে আলোচনা করবেন।
ইফতারের পর রাতের আয়োজনে দিনের সামগ্রিক অবস্থা আর কর্ম এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাবেন প্রতিষ্ঠানের কমিউনিটি প্রোগ্রাম ম্যানেজার সাগর খালাসী। এসময় আরও যুক্ত হবেন এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার, তার সঙ্গে থাকবেন রাপিডও ডেলিভারির সিইও সামদানী তাব্রিজ ।
ফেসবুকে এই আয়োজনের ইভেন্ট পেইজ পাওয়া যাচ্ছে আর আয়োজনে অংশ নিলেই মিলবে একটি অনলাইন সার্টিফিকেট।
