‘অবসরে রান্না, মাছ ধরা ও সেলাই উপভোগ করেন প্রধানমন্ত্রী’
বাঙালী নারীরা বরাবরই পরিবারের সব দায়িত্ব দু'হাতে সামলে নিতে ভালোবাসেন। তব সেই বাঙালী নারী যদি ১৭ কোটি জনসংখ্যার দেশের প্রধানমন্ত্রী হন তবে তার জন্য এই কাজগুলো খুবই সময়সাধ্য হয়ে ওঠে। তবে এরই মধ্যে অবসর খুঁজে নিয়ে একেবারে বাঙালী নারীর ভূমিকায় অবতীর্ণ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর তেমনই দুটি ছবি শনিবার বিকেলে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায়, একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে দাঁড়িয়ে আছেন তিনি, অন্যটিতে তিনি সেলাই করছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবি দুটো পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে সালমান এফ. রহমান লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন, ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন, এত কিছুর মাঝেও তিনি রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।"
