হত্যার রাতে সিনহার মাকে ফোন করেন ওসি প্রদীপ
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সেনাবাহিনীর মেজর(অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আখতার জানিয়েছেন, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস হত্যাকাণ্ডের রাত্রেই তাকে ফোন করেন। ফোন করে তার ছেলের সম্পর্কে জানতে চেয়েছিলেন প্রদীপ।
''তবে এসময় ওসি আমাকে সিনহার মৃত্যুর কথা জানায়নি'' আজ সোমবার (১০ আগস্ট) রাজধানীর উত্তরায় অবস্থিত নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুত্রহারা নাসিমা আখতার।
''ঈদুল আজহার দিন সকালে পশ্চিম উত্তরা থানা পুলিশের সদস্যরাও আমার বাড়িতে আসেন এবং সিনহা কোনো রাজনীতির সঙ্গে জড়িত কিনা- এমন অনেক প্রশ্ন করেন। অথচ তখনও হত্যার কথা আমাদেরকে জানানো হয়নি'' অভিযোগ এ জননীর।
তবে সিনহা হত্যার বিচারিক প্রক্রিয়া নিয়ে তিনি এপর্যন্ত সন্তুষ্ট বলেই জানিয়েছেন।
সিনহা হত্যাই হবে বাংলাদেশের শেষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড- এমন আশাবাদও ব্যক্ত করেন নাসিমা আখতার।
''আমার ছেলের মৃত্যু আগামী প্রজন্মের জন্য শান্তিপূর্ণ এবং সুন্দর একটি দেশ গঠনে সহায়ক হতে পারে'' বলেন তিনি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই টেকনাফে স্থানীয় পুলিশ গুলি চালিয়ে হত্যা করে সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। এসময় নিহত এবং তার সহ-ভ্রমণকারীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে মামলাও দায়ের করে পুলিশ। যার মধ্য দিয়ে নিহতের চরিত্র হননের চেষ্টাও করা হয় ।
