সিনহা হত্যা: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল ৭ দিন
চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোঃ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা সাতদিন বাড়ানো হলো।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে সিনিয়র সহকারী সচিব কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ, আনুষঙ্গিক কাগজপত্র ও প্রমাণক পর্যালোচনার নিমিত্ত তদন্ত কমিটির আবেদন মোতাবেক তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ২৩/০৮/২০২০ খ্রিঃ পর্যন্ত বর্ধিত করা হলো।'
উল্লেখ্য, ৩ জুলাই ভ্রমণবিষয়ক ভিডিওচিত্র ধারণ করতে শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত ও তাসকিনকে নিয়ে মেজর (অব.) সিনহা কক্সবাজার যান। ৩১ জুলাই রাতে টেকনাফের মারিষবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।
