ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানি করবে সরকার। প্রতিকেজি ৩৪.২৮ টাকা দরে এই চাল সরবরাহ করবে মুম্বাইয়ের রিকা গ্লোবাল ইমপ্লেক্স। এতে সরকারের ব্যয় হবে ১৭১ কোটি টাকারও বেশি।
গত বুধবার আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর দিয়ে এই চাল আমদানি হবে।
এর আগে গত ২ ডিসেম্বর ৫০ হাজার টন সিদ্ধ চাল কেনার প্রস্তাবে সম্মতি দেয় কমিটি। পশ্চিমবঙ্গের এমএস পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড এ চাল সরবরাহ করবে।
অতিরিক্ত সচিব জানান, চলতি অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতার কেমিকেল অ্যান্ড পেট্রোকেমিকেল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনটাজাত) থেকে অষ্টম লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। ৫৬ কোটি টাকায় এই সার আনা হবে।
এছাড়া চলতি অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে নবম লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন প্রস্তাবে সায় দেওয়া হয়। এতেও প্রায় ৫৬ কোটি টাকা ব্যয় হবে।
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ সার কেনায় ব্যয় হবে ৫৬ কোটি টাকা।
