বাংলাদেশে করোনাভাইরাস: ফের বাড়ল মৃত্যু
করোনাভাইরাসের কারণে দেশে মৃত্যুর হার গত চারদিন কিছুটা কমার পর আবার বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। বিগত এক বছরে মৃত্যুর এ মিছিলে নাম উঠল ৮ হাজার ৬৮৬ জনের।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৮ জনের শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে পৌছাল।
শনিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৮৮ হাজার ১১টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ২০ হাজার ৭১৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট শনাক্ত: ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন।
- মারা গেছেন: ৮ হাজার ৬৮৬ জন।
- মোট সুস্থ: ৫ লাখ ২০ হাজার ৭১৮ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৪৩ লাখ ৮৮ হাজার ১১টি।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় বেলা ৪টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১২ কোটি ৩০ লাখ ১২ হাজার ৭৯৯ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯ কোটি ৯১ লাখ ৪১ হাজার ৪৪৭ জন সেরে উঠলেও প্রাণ গেছে ২৭ লাখ ১৫ হাজার ৪৭২ জনের। বাকী ২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৮৮০ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
