বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ নারী নিহত
রাজধানীর বনানীর সেতু ভবনের সামনে মোটরসাইকেল (স্কুটি) দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত স্কুটিতে সাংবাদিক লেখা স্টিকার ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুলদানা আক্তার কচি ও সোনিয়া। এদের মধ্যে দুলদানা কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে ও পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার এবং সোনিয়া ভোলার মাছদেলছড়িয়ার রুহুল আমিনের মেয়ে বলে জানা গেছে। সোনিয়া ভাই রুবেলের সঙ্গে মিরপুরের শাহ আলীতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, ওই সেতু ভবনের সামনে সড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় একটি স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পথচারীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই একজনের মৃত্যু হয়, অপরজন হাসপাতালে পৌঁছানোর পড়েই মারা গেছেন।
বনানী থানার উপপরিদর্শক এসআই অফজাল হোসেন বলেন, 'রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্কুটি সড়কের ওপর পড়ে থাকতে দেখি। স্কুটির নম্বর প্লেটের ওপরে প্রেস লেখা রয়েছে। পরে ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে দুই নারীর লাশ পাই।'
পুলিশ বলছে, অফিস থেকে রাতে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্কুটিতে প্রেস লেখা থাকায় প্রথমে মনে হয়েছিল তারা সাংবাদিক। তবে তারা সাংবাদিক নন বলে ধারণা করা হচ্ছে।
