ট্রেনের যাত্রাবিরতির কথা ভুলে গেলেন চালক!
ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের চালক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি না দিয়েই ট্রেন নিয়ে চলে ছুটে গেছেন পরবর্তী স্টেশনের দিকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে করে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। অবশ্য পরবর্তীতে ট্রেনটি আবার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে যাত্রীদের ওঠিয়ে নিয়ে যায়।
চালক যাত্রাবিরতির কথা ভুলে গিয়েছিলেন বলে জানিয়েছেন আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. নূরনবী।
ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতির নির্ধারিত সময় বিকেল ৪টা ৪০ মিনিটে। বৃহস্পতিবার ট্রেনটি ৪০
মিনিট বিলম্বে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এসে যাত্রাবিরতি করে। ৫ মিনিট বিরতি দিয়ে ৫টা ২৫ মিনিটে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ব্রাহ্মণবাড়িয়ার পরের স্টেশন আশুগঞ্জে ট্রেনটি যাত্রাবিরতি দেয়ার কথা ছিল ৫টা ৪২ মিনিটে। কিন্তু চালক বিরতি না দিয়েই ট্রেন নিয়ে ছুটে যান পরবর্তী স্টেশন ভৈরবের দিকে। তবে ভৈরব স্টেশনে ঢোকার আগেই তিনি ট্রেনের গতিমুখ পাল্টে ফেলে আসা আশুগঞ্জ স্টেশনে ফিরে যান আবার। ৫টা ৫৩ মিনিটে স্টেশনে ঢুকে ২ মিনিট বিরতি দিয়ে ৫টা ৫৫ মিনিটে আবার ভৈরব যান তিনি।
আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. নূরনবী জানান, চালকের ভুল হয়ে গেছে। যাত্রাবিরতির কথা হয়তো উনি খেয়াল করেননি।
