গণজমায়েত এড়িয়ে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারাত্মক প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের মানুষকে বড় ধরনের গণজমায়েত এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, "জেনারেল যে ইনস্ট্রাকশন সেটা হলো অযথা গ্যাদারিং যেগুলো অ্যাভয়েড করতে হবে। যে কারণে রিসিডিউল করতে হচ্ছে অনেক প্রোগ্রাম।"
শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতের বিষয়ে তিনি বলেন, "কালকে (রোববার) শিক্ষামন্ত্রীও ছিলেন, ওনাকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনোভাবেই ম্যাস গ্যাদারিং না হয়। যাতে কোনোভাবে আর স্প্রেড করতে না পারে গর্ভমেন্ট সে দিকে খুব স্ট্রং নজর দিচ্ছে।"
ইতালি থেকে আসা দুই জনের দেহে করোনার অস্তিত্ব বিমানবন্দরে শনাক্ত হলো না কেন- এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম জানান, "করোনা সংক্রমিত হলে ১৪ দিন পর্যন্ত তা ধরা পড়ে না। তাই বিষয়টি শনাক্ত করা যায়নি। তবে এই দুই জন ইতালি থেকে আসার সময় কোন ফ্লাইটে ছিলেন, তাতে কারা কারা ছিলেন, আসার পর কাদের সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে খুঁজে বের করে টেস্ট করা হবে তারা সংক্রমিত হয়েছেন কিনা।"
