কোভিড-১৯: দেড় বছর পর দৈনিক মৃত্যু নেমে আসলো চার জনে
আজ শুক্রবার সকাল আটটা নাগাদ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ জনিত কারণে মৃত্যুর সংখ্যা কমে চারজনে নেমে এসেছে, যা গত ২০২০ সালের মে মাসের পর সবচেয়ে কম।
এরআগে দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে গত বছরের ৬ মে তিন জনের মৃত্যুর কথা জানায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
গতদিনে দৈনিক সংক্রমণ সংখ্যা কমে আসার দিক থেকেও উন্নতি হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন মাত্র ২৩২ জন।
এসময় সারাদেশে ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করেছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা, পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ১.৩৬ শতাংশ।
গত মঙ্গলবার সকাল আটটা নাগাদ ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু ও ২৪৩ জনকে পজিটিভ শনাক্তের কথা জানানো হয়।
আজকের তথ্যসহ দেশে মোট ২৭ হাজার ৮০৫ জনের কোভিড-১৯ এ মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে জানানো হলো। মোট এপর্যন্ত শনাক্তকৃত সংক্রমিতের সংখ্যা এখন ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন।
তাছাড়া, গত এক মাস ধরেই মৃত্যুহার ১.৭৭ শতাংশে স্থির রয়েছে।
আজকে জানানো মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন রোগীকে কোভিড -১৯ মুক্ত ঘোষণা করা হয়েছে, সুস্থতার হার ৯৭.৬৭ শতাংশ।
প্রাণঘাতী কোভিড-১৯ রোগে এপর্যন্ত মৃতদের মধ্যে ১৭ হাজার ৮০৮ জন পুরুষ ও নারী ছিলেন ৯ হাজার ৯৯৭ জন।
গত বছর ৮ মার্চ প্রথম দেশের প্রথম কোভিড-১৯ শনাক্তের কথা জানানো হয়, আর প্রথম মৃত্যুর কথা জানানো হয় একই মাসের ১৮ তারিখে।
