করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১,৭৬৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। গত এক বছরেরও বেশি সময়জুড়ে প্রাণঘাতি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ১২ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার গ্রাফ গত মাসের তুলনায় এ মাসে কিছুটা নিম্নমুখী হয়েছে। গত এক বছরে যতো মানুষ করোনাভাইরাসে শনাক্ত হয়েছে তাদের মধ্যে ১ দশমিক ৫৮ শতাংশের মৃত্যু হয়েছে এই রোগে।
মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ১ হাজার ৭৬৫ জনের দেহে। তবে বর্তমানে কোভিড পরীক্ষার সংখ্যাও কিছুটা কম। মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে। সংক্রমণের সেকেন্ড ওয়েভে গত মাসে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়লেও লকডাউনের পর এ মাসে শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৫০টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ৯ দশমিক ৬৭ জনের মধ্যে।
মঙ্গলবার (১ জুন) সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাস বিষয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে মোট ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩ টি নমুনা পরীক্ষার বিবেচনায় গত এক বছরে সংক্রমণের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৪১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৫ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা নারীদের প্রায় তিনগুণ বেশি।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৭৯ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
