করোনায় মৃত্যু কিছুটা কমে ২১২, শনাক্ত ১৩ হাজারের বেশি
আজ শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে কোভিড-১৯ এ দৈনিক মৃতের সংখ্যা সামান্য কমে ২১২'তে নেমেছে। এনিয়ে মোট ২০,৪৬৭ জনের জীবন গেলো প্রাণঘাতী রোগটিতে।
একইসময়, দৈনিক শনাক্তের সংখ্যা কমে ১৩,৮৬২ জনে নেমে এসেছে, ফলে মহামারি হানা দেওয়ার পর থেকে এপর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।
তবে পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার আগের দিনের ২৯.২১ শতাংশ থেকে বেড়ে ৩০.৭৭ শতাংশে উন্নীত হয়েছে।
বিগত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমে যায়, এবং সে তুলনায় শনাক্ত বেশি হওয়াতে পজিটিভিটি রেট বাড়ে।
এসময় ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়, আর বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ আগের ২৪ ঘণ্টায় করা হয়েছিল ৫২ হাজার ২৮২টি।
শুক্রবারের তথ্যসহ গত ছয়দিন ধরে টানা ২০০ জনের বেশি মানুষের দৈনিক মৃত্যুর কথা জানানো হচ্ছে। এরমধ্যে গত ২৭ জুলাই মহামারি শুরুর পর সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে থেকে সবচেয়ে বেশি ৬৫ জন মারা গেছেন, এরপর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় চট্টগ্রাম বিভাগে ৫৩ জনের। তারপর খুলনায় ৩৬, সিলেটে ১৭, রাজশাহীতে ১৩ এবং বরিশাল বিভাগের ১১ জন মারা গেছেন। আরও ৯ জন ছিলেন রংপুর ও আটজন ময়মনসিংহ বিভাগের।
দেশে সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কোভিড থেকে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭৫ জন রোগীকে সুস্থতার ছাড়পত্র দিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
