মাঘের দুপুরে বৃষ্টির হানা, বিপিএলের ম্যাচ পরিত্যক্ত
চলছে মাঘ মাস, শীতের আবহ তাই এখনও চারপাশে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। এমন সময়ে বৃষ্টির হানা আকস্মিক ঘটনাই। সেই আকস্মিকতা আরও বেড়েছে টানা বৃষ্টিতে। বৃহস্পতিবার দুপুরে ঝুপ করে নেমে পড়া বৃষ্টি পরে থামলেও শুক্রবার স্থায়ী হলো অনেকটা সময়। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবারের প্রথম ম্যাচ গেল ভেস্তে।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের। কিন্তু টানা বৃষ্টিতে টসই হয়নি। দুপুর দেড়টায় শুরুর কথা থাকলেও বৃষ্টি না কমায় পৌনে ৪টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দুই দলের ক্রিকেটাররা এদিন মাঠে এসেছিলেন। গা গরমের জন্য তারা যখন মাঠে নামেন, মিরপুর স্টেডিয়ামে তখন অন্ধকার। দুপুর বেলাতেই সন্ধ্যা মনে হচ্ছিল। এর মধ্যেই চলছিল ওয়ার্ম আপ, যদিও তা বেশিক্ষণ চলেনি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। ক্রিকেটারদের ফিরে যেতে হয় ড্রেসিং রুমে।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দল একটি করে পয়েন্ট পেয়েছে। সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও সিলেট সানরাইজার্সের অবস্থানে পরিবর্তন আসেনি। ৬ ম্যাচ একটিতে জয় পাওয়া সিলেটের পয়েন্ট ৩। পয়েন্ট টেবিলের তলানির দল তারা।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে আপাতত তা কেটে গেছে। বৃষ্টি থামার পর বিকেল সোয়া ৫টা থেকে মাঠ তৈরি কাজ শুরু করা হয়েছে। একে একে সরিয়ে নেওয়া হচ্ছে কভার।
