এবার মেয়ে সন্তানের বাবা হতে চান মেসি
ফুটবল ক্যারিয়ারে অর্জনের বাকি কিছুই নেই তার। দলীয় এবং ব্যক্তিগতভাবে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন সবকিছুই। জীবন পরিপূর্ণই লিওনেল মেসির।
তবে মাঠের মেসি সবক্ষেত্রে সফল হলেও ব্যক্তি জীবন এখনও পূর্ণতা পায়নি তার। নিজের স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন ছেলে নিয়ে সুখের সংসার তার। তবুও কোথায় যেন একটু খামতি!
সেটির কথা মেসি নিজেই জানিয়েছেন। তিন ছেলে থাকলেও এখনও একটি মেয়ে সন্তানের ইচ্ছা রয়েছে মেসি ও আন্তোনেল্লার।
ওলগা চ্যানেলে বিখ্যাত স্ট্রিমার মিগ গ্রানাদোসের সঙ্গে পরিবার নিয়ে কথা বলেছেন মেসি। সেখানেই সাতবারের ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলার মেলে ধরেন নিজের এই ইচ্ছা, 'আমরা আরেকটি সন্তান নেওয়ার পরিকল্পনা করছি। সেভাবে এখনো চেষ্টা করছি না। দেখি মেয়ে সন্তান হয় কি না।'
ফুটবল ক্যারিয়ারের কারণে বেশির ভাগ সময়ই ঘরের বাইরে থাকতে হয় মেসিকে। তিন ছেলেকে সে সময় দেখাশোনা করেন আন্তোনেল্লা। স্ত্রীর প্রশংসার ফুলঝুড়ি ছুটল মেসির মুখে, 'আমি আন্তোনেল্লাকে খুবই শ্রদ্ধা করি। বাচ্চাদের সে ২৪ ঘণ্টা সময় দেয়। ম্যাচ, সফর, জাতীয় দলসহ বিভিন্ন কারণে আমাকে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। মাঝেমধ্যে তা এক-দেড় মাসও হয়ে যায়। তখন সে বাচ্চাদের সঙ্গে থাকে।'
