বেস্ট ফ্রেন্ড হওয়ার দরকার নেই, সাকিব-তামিম প্রসঙ্গে হাথুরুসিংহে
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, কাল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। কিন্তু মাঠের লড়াইয়ের চেয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব নিয়েই বেশি আলোচনা। যে আলোচনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত ক্রিকেট পাড়া। সিনিয়র এই দুই ক্রিকেটারের বৈরী সম্পর্কের কারণে ড্রেসিং রুমে অস্বাস্থ্যকর পরিবেশ দেখেছেন বলে এক সাক্ষাৎকারে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, এক দলে খেলতে সাকিব-তামিমের ভালো বন্ধু হওয়ার দরকার নেই।
ইংলিশদের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল, প্রতিপক্ষ, লক্ষ্যসহ অনেক বিষয় নিয়েই কথা বলেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে। বাংলাদেশ দল সংশ্লিষ্ট গত কয়েকটি সংবাদ সম্মেলনের মতো আজও আলোচনায় ছিল সাকিব-তামিম দ্বন্দ্বের ব্যাপারটি। যদিও বাংলাদেশের লঙ্কান কোচ এ নিয়ে বেশি কথা বলেননি। তার মতে, সময় এখন শুধু সিরিজ নিয়ে কথা বলার।
সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে হাথুরুসিংহে বলেন, 'সাতদিন হয় আমি কাজ শুরু করেছি। আমি ড্রেসিংরুমে ছিলাম এবং আমি এমন দলে ছিলাম; যেখানে সবার সঙ্গে মেলে না। তারপরও যখন তারা খেলতে নামে, তারা দল হিসেবে খেলে। জাতীয় দলের হয়ে খেললে এমনই প্রত্যাশা করে সবাই। কিন্তু বাইরে যেতে বা একসাথে রাতের খাবার খাওয়ার জন্য আনার ভালো বন্ধু হওয়ার দরকার নেই। এটার প্রভাব দলের ওপর পড়ছে না, আমি এটাকে সমস্যা হিসেবে দেখি না। এখন কেবল সিরিজ নিয়ে কথা বলার সময়।'
এর আগে এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, সাকিব-তামিমের সম্পর্ক ভালো নয়। এই দুই সিনিয়র ক্রিকেটারের কারণে ড্রেসিং রুমের আবহ ভালো নয়। নাজমুল হাসানের দাবি, দুজনের সঙ্গে কথা বলেও বিষয়টি মিটমাট করতে পারেননি তিনি। তার কাছে মনে হয়েছে, এটা এই মুহূর্তে সহজে সমাধান হওয়ার নয়।
দুদিন পর তামিমকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটি অস্বীকার করেননি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে যখন আমি নামি, আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে, তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।'
সাক্ষাৎকারে এক রকম বললেও গতকাল অন্য রকম দাবি করেন নাজমুল হাসান। তিনি জানান, সাকিব-তামিম দ্বন্দ্বের ব্যাপারটি সংবাদমাধ্যম থেকে শুনুছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, 'এই যে কথাটা, ড্রেসিংরুমের পরিবেশ ভালো না, তামিম ও সাকিবের মধ্যে সমস্যা, এই সব কিছু আমার বাইরের থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে। গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমি সব কিছু খুবই ভালো পেয়েছি। এর আগের কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি।'
