'এভাবে জেতা আমাদের ভাগ্যে লেখা ছিল'
দল জিতেছে বিশ্বকাপ, তিনি নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার 'গোল্ডেন গ্লাভস' জেতার পর এই অর্জন নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে ঠেকিয়েছিলেন ডাচদের প্রথম দুই শট। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অন্তিম সময়ে ম্যাচ বাঁচানো সেইভের পর টাইব্রেকারে কোম্যানের শট ঠেকিয়ে আরেকবার নায়ক হয়েন এমিলিয়ানো মার্তিনেস।
বিশ্বকাপ জয়ের পর কান্নাভেজা চোখে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মার্তিনেস। ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও এত কঠিন করে ম্যাচ জেতা প্রসঙ্গে তিনি বলেন, 'ম্যাচটি খুবই কঠিন ছিল। ফ্রান্স সমতা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছিল। আমাদের ভাগ্যেই এভাবে জেতা লেখা ছিল।'
নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা, সেটি পূরণ হওয়া নিয়ে উচ্ছসিত আর্জেন্টিনা গোলরক্ষক, 'আমি যা যা স্বপ্ন দেখেছিলাম তার সবকিছুই সত্যি হয়েছে। আমি টাইব্রেকারের সময় শান্ত ছিলাম। আমরা যেভাবে চেয়েছি সেভাবেই সব হয়েছে।'
অল্প বয়সেই নিজের ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডকে পাড়ি জমান মার্তিনেস, নিজের পরিবারকে রেখে যান আর্জেন্টিনায়। তাই এই জয় নিজের পরিবারকে উৎসর্গ করেছেন তিনি, 'আমি খুব ছোট থাকতে ইংল্যান্ডে খেলতে চলে যাই। আমার পরিবার আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এই জয় তাদের জন্য।'
