ইউক্রেনের পতন ঘটলে রাশিয়ার পরবর্তী লক্ষ্য হবে বাল্টিক দেশগুলো: জেলেনস্কি
ইউক্রেনের পর একে একে ইউরোপের অন্যান্য দেশ দখল করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান যাতে তারা ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করে। তিনি বলেন, "রাশিয়াকে ঠেকাতে হবে না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।"
সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, "যদি আপনাদের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে আপনাদের বিমানগুলো দিন।"
"বিশ্বাস করুন, ইউক্রেন যদি না থাকে তাহলে লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্টোনিয়াও আর থাকবে না।"
উল্লেখ্য, এই দেশগুলো আগে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে স্বাধীনতা অর্জনের কিছু পরেই এরা ন্যাটোতে যোগদান করে।
এদিন জেলেনস্কি পুতিনের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করার কথা বলেন। তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধের এই এক উপায়। পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমরা রাশিয়া আক্রমণ করছি না এবং আমরা রাশিয়া আক্রমণ করার পরিকল্পনাও করছি না। আপনি আমাদের কাছে কী চান? আমাদের দেশ ছেড়ে দিন।"
