মিয়ানমারকে ব্যবহৃত সাবমেরিন দিচ্ছে ভারত
প্রতিবেশী মিয়ানমারকে রাশিয়ায় নির্মিত একটি সাবমেরিন উপহার দিচ্ছে ভারত। আইএনএস সিন্ধুবীর নামে কিলো শ্রেণির এ ডুবোজাহাজটি ভারতীয় নৌবাহিনীতে ছিল। মিয়ানমারের কাছে হস্তান্তরের পর এটি দেশটির প্রথম সাবমেরিন হবে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গত বৃহস্পতিবার আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন।
এসময় তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বহুমুখী সহযোগিতা এবং শক্তিশালী সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে দেশটির সমুদ্রসীমার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।'
তবে কবে নাগাদ এটি মিয়ানমারকে দেওয়া হবে, সেই ব্যাপারে তিনি স্পষ্ট করে কোনো সময়সীমা উল্লেখ করেননি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ''প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা এবং স্বনির্ভরতা বৃদ্ধিতে ভারতীয় প্রতিশ্রুতির আওতাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ভারতের বৃহত্তর 'সাগর' (সিক্যিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিওন) বা অঞ্চলিক মিত্রদের নিরাপত্তা বৃদ্ধির ঘোষিত কৌশলের অংশ।''
১৯৮৮ সালের ২৬ আগস্ট আইএনএস সিন্ধুবীর ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়। ডিজেল ইঞ্জিন চালিত সাবমেরিনটি পানির নিচে সর্বোচ্চ ৩১ কি.মি. গতিতে চলতে সক্ষম। এটি জাহাজ বিধংসী টর্পেডো ও সোনার দ্বারা সজ্জিত। মিয়ানমারকে দেওয়ার আগে এর আধুনিকায়ন করেছে ভারত।
- সূত্র: দ্য প্রিন্ট
