প্রতিটি জেলায় করোনা হাসপাতাল তৈরি করছে পশ্চিমবঙ্গ
রাজ্যের প্রতিটি জেলায় করোনা হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু করছে পশ্চিমবঙ্গের প্রাদেশিক সরকার। এনিয়ে আজ সোমবার সব জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।
বৈঠকে জেলার সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলোর বর্তমান অবস্থা এবং সেগুলিকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করতে কী প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে বলেই জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম।
এদিকে এমন সময় এসব পদক্ষেপের কথা জানা গেল যখন করোনা সংক্রমণ নিয়ে প্রদেশটির মানুষের মাঝে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে। আজ সোমবারেই শিলিগুড়ি জেলার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগী মারা গেছেন।
এনিয়ে পশ্চিমবঙ্গে মোট দুজন করোনায় প্রাণ হারালেন।
৪৪ বছরের ওই নারী ছিলেন দার্জিলিঙ্গ জেলার কালিম্পং এলাকার বাসিন্দা। সম্প্রতি ওই নারী তার কন্যার চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন। তামিলনাড় প্রদেশের রাজধানী চেন্নাই, আর ওই রাজ্যে মোট ৫০ জন ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।
এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ জোর তদারকি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকে রাজ্যের ৪০ টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বর্তমান পরিস্থিতির খোঁজ নেওয়া হয়। করোনা আক্রান্তদের পরিষেবা দিতে বা কোয়ারেন্টাইন সেন্টার তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা সেখানে রয়েছে কি না, তা জিজ্ঞস করা হয়।
করোনা চিকিৎসার উপযোগী করে তুলতে হাসপাতালগুলিতে আর কি কি পরিকাঠামো প্রয়োজন, তাও জিজ্ঞেস করা হয়। বৈঠকে অবিলম্বেই একটি তালিকা পেশের নির্দেশ দিয়েছেন শীর্ষ স্বাস্থ্য সচিব। সেই তালিকার ভিত্তিতে শুরু হবে কাজ।
