চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ২.৫ শতাংশের বেশি হবে না: সিপিডি
আগামী ৩০ জুন শেষ হতে চলা চলতি অর্থবছরে দেশের অর্থনীতি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি তাদের বিশ্লেষণ তুলে ধরেছে। দেশে চলমান মহামারির কারণে ২০২০ অর্থবছরে আড়াই শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হবেনা, বলেই জানিয়েছে দেশের সবচেয়ে প্রভাবশালী বেসরকারি অর্থনৈতিক নীতি গবেষণা কেন্দ্রটি।
তবে আড়াই শতাংশ প্রবৃদ্ধি অর্জনটিও শর্তসাপেক্ষ। জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর আগে লকডাউনের সরকারি ছুটির পরিমাণ না বাড়লে এবং চলতি জুনের বাকিটা সময় জনজীবন নিয়ন্ত্রণে কড়াকড়ি না থাকলেই কেবল আলোচিত পরিমাণে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব চলতি অর্থবছর শেষে।
আজ রোববার 'বিশ্ব মহামারিরকালে নীতি প্রণয়নের চ্যালেঞ্জসমূহ' শীর্ষক এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা জানায় সিপিডি।
এরআগে ওয়াশিংটনভিত্তিক দাতাগোষ্ঠী বিশ্বব্যাংক গ্রুপ আগামী ৩০ জুনে শেষ হতে চলা ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ হবে, এমন পূর্বাভাস দেয়। আইএমএফের বলেছে ৩ দশমিক ৮ শতাংশ এবং ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির অনুমান করছে।
সেই তুলনায় এর আগের ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।
